ও রণতরী প্রশান্ত সাগরের স্রোত থেকে উঠছে রক্তের মর্মরধ্বনি
তলিয়ে যাচ্ছে তাওরাতের সাবধান সূচক
তোমার জ্ঞাতি জাতিসংঘের মোকাবিলার কৌশল ভষ্ম হয়ে ছড়িয়ে পড়ছে বেথেলহেমে
ভিজে লেপ্টে গেছে বাইবেলের ক্রুশকাতর মুখ
শত শত বিস্ফোরণের বাচ্চা
তোমার গর্ভে
তোমার নীড়ে পরমাণু ডিমে তা দিতে দিতে তুমি কোন বন্দরে যাবে
লোবাননের যে এতিম কিশোর
অর্গানে সুর তোলে বেদনার
ফিলিস্তিনের যে ক্ষুধার্ত কিশোরী পরিণত হবার অপেক্ষায় তাঁবুতে অপেক্ষা করে বছরের পর বছর
গাজায় যে মা তার নিরুদ্দিষ্ট সন্তানের ছবি ইতিহাসের পৃষ্ঠা ভাবে
বৈরুতে বিরতিহীন নিলামে উঠছে যে নিষ্পাপ বৃক্ষরা
তারা তোমার প্রসব বেদনা শুনে
ত্রিশঙ্কু ঝুলে আছে শূন্যে
জেরুজালেমে সবায় অপেক্ষা করছে দেবদূতদের
তুমি কারো অঙ্গুলি হেলনে জন্ম দিও না ভস্মাধার
এখন মাতমের মৌসুম নয়
গলগাথায় ক্রুশে ঝুলছে লক্ষ লক্ষ যিশু
সুসজ্জিত রণতরী দুর্গতিনাশিনী দুর্গা হও
অহমক্লিষ্ট আমেরিকা তোমার গর্ভে ঢুকিয়ে দিয়েছে বহ্নুৎসব
তুমি সাগরের বুকে উধাও হও
বারমুড়া ট্রাঙ্গলের গল্প হও
শোনো মাছমেয়েদের গান
কোনো প্রণালী তোমার লক্ষ্য না হোক
বনি ইসরাইল হারিয়ে ফেলেছে
দশ প্রত্যাদেশ
তোমার পিঠে শয়তানের
দগদগে চাবুক
এগিয়ে আসছে জলযুদ্ধ
এগিয়ে আসছে বার্নাম বন
ম্যাকবেথ কিছুই জানে না
তুমি রামেসিসের মতো পিছু নিও না
নীলহরমুজ নিষিদ্ধ
পৃথিবীর অর্ধেক লোক ক্ষুধার
জ্বালায় চুল্লিতে বসিয়েছে কান্না
সব ক্যাথিড্রাল গীর্জা মন্দির উপাসনালয়ের কাচ ভেঙে পড়ছে
ও রণতরী
তোমার গর্ভের ভাবীভাষকেরা
অগ্রাহ্য করুক আনবিক গর্ভপাত আর হয়ে উঠুক ক্ষুব্ধ সময়ের ইউলিসিস