গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৪ মে) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এ হামলার ঘটনা ঘটে।
এদিকে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। হামলায় হাসনাত আব্দুল্লাহর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একহাতে আঘাতও পেয়েছেন তিনি।
হামলার ঘটনা টিবিএসকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান। তিনি জানান, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশ হাসনাতের অবস্থান শনাক্তের চেষ্টা করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হাসনাত আব্দুল্লাহ টাঙ্গাইলে কোনো একটি অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরছিলেন। পথে তার গাড়িটি গাজীপুর মহানগর চৌরাস্তা এলাকায় পৌঁছালে সম্ভবত যানজটের কারণে গাড়ির গতি কম ছিল। তখন কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে অতর্কিতভাবে হামলা করে তাৎক্ষণিক পালিয়ে যায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনার পর বোর্ডবাজারে আমাদের কর্মকর্তারা হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেছেন। পরে পুলিশি প্রহরায় তার ঢাকা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
হামলার পর তাকে বহনকারী গাড়িটি ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর সামনে পৌঁছালে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতের নিরাপত্তায় এগিয়ে আসেন। সেখানে তিনি গাড়ি থেকে নেমে আসেন এবং ছাত্রদের সাথে কথা বলেন। এ সময় গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তারাও সেখানে যান।
এনসিপির শীর্ষ নেতা হাসনাতের ওপর হামলার ঘটনায় গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।
এদিকে, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
সারজিস আলম ফেসবুকে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’
ক্যাপশনে এনসিপির এ নেতা লিখেছেন, হাসনাত যে গাড়িতে আসছিলেন। কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছে।
এসব পোস্ট দেওয়ার পর গাজীপুরে তোলপাড় শুরু হয়। হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।