জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) ছাড়াই বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাধায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে জানাজা শেষে সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা দিতে বাধা দেয়ার ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা রোগে ভুগছিলেন। গত বুধবার রাত ৩টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা যান তিনি। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে জানাজা নামাজের সময় নির্ধারণ করা হয়।
খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনকে গার্ড অব অনার দিতে পুলিশ নিয়ে মদনেরচর এলাকায় যাচ্ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। পথে তাদের গতিরোধ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নওশেদ আলীসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।
তারা বলেন, দেলোয়ার হোসেন মুক্তিযোদ্ধা নন। তিনি জাল সনদ বানিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন। তাই তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া যাবে না। তিনি ধমকের সুরে বলেন, কোনোভাবেই আপনারা জানাজায় যেতে পারবেন না এবং রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারবেন না। এতে ফিরে যেতে বাধ্য হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।