জামালপুর মাদারগঞ্জ পলিশা মোড় এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রিপোর্টারের নাম
/ ১৯৭
জন দেখেছে
আপডেট :
রবিবার, ১৩ জুলাই, ২০২৫
শেয়ার
জামালপুর মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকায় দোকান থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সঞ্জয় চন্দ্র মন্ডল (২৮) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।
নিহত সঞ্জয় চন্দ্র মন্ডল জোড়খালী ইউনিয়নের বেতাগা এলাকার প্রফুল্ল চন্দ্র মন্ডলের ছেলে। সঞ্জয় মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক পণ্যের ব্যবসা করতেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে খাবার খেয়ে দোকানে কিছু কাজ আছে বলে সঞ্জয় বাড়ি থেকে বের হন। এরপর থেকে সঞ্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সঞ্জয়ের বড় ভাই পবিত্র চন্দ্র মন্ডল ইলেকট্রিক পণ্যের গোডাউনের শাটার খুলে ফ্যানের সঙ্গে সঞ্জয়ের ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠান।
এ ঘটনায় নিহতের পরিবার সঞ্জয়ের আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।
সঞ্জয়ের বড় ভাই পবিত্র মন্ডল বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সঞ্জয় দোকানে কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় আমরা মনে করেছিলাম সে দোকানে ঘুমিয়েছে। পরে সকালে বাড়ি না ফেরায় তাকে কল করেছি কিন্তু সে রিসিভ করেনি। তখনও আমরা ধারণা করেছি সে ঘুমাচ্ছে। এরপর দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যা, রাত হলেও তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরে দোকানের গোডাউনে ফ্যানের সঙ্গে সঞ্জয়ের ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পাই।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, খবর পেয়ে নিহত সঞ্জয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। সঞ্জয়ের শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে সঞ্জয় আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।