শনিবার (১৫ আগস্ট, ২০২৬) সকাল আনুমানিক ছয়টার দিকে বসুন্ধরার নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।
মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তাঁর মা ও পরিবারের সদস্যরা থানায় আছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি।’
রিধিকা রিধি মূলত মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে তাঁর ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি বেশ কিছু নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন।
সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।