ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশ ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনের সময় ১০০ রুপির নোটের ভাঙতি না থাকায় বাস কন্ডাক্টরের নির্দেশে বাস থেকে নেমে যেতে বাধ্য হন।
২০২৬ সালের জুলাই মাসে বেঙ্গালুরুতে এই ঘটনাটি ঘটে। সাধারণ যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি স্বচক্ষে দেখার জন্য মন্ত্রী মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা ধরে বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের (BMTC) ১০টিরও বেশি বাসে ভ্রমণ করেন।
হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লিগামী একটি বাসে উঠে দু’টি টিকিটের জন্য তিনি ১০০ রুপির একটি নোট দিলে কন্ডাক্টর ভাঙতি নেই বলে তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন। মন্ত্রী নিজের পরিচয় প্রকাশ না করে নীরবেই বাস থেকে নেমে যান।
অন্য একটি বাসে ভ্রমণের সময় ফ্যান ওয়ার্ল্ড বাস স্টপেজে এক যাত্রী নামার সংকেত দেওয়ার পরও বাসটি থামানো হয়নি। দায়িত্বে অবহেলার কারণে মন্ত্রী তাৎক্ষণিকভাবে সেই বাসের চালক ও কন্ডাক্টর উভয়কে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।
এরপর নাগাশেট্টিহাল্লি এলাকায় এক অটোরিকশায় উঠেন। অটোরিকশাচালক মিটারে ৩০ রুপি ভাড়া উঠলেও মন্ত্রীর কাছে ৩৬ রুপি দাবি করছিলেন। মন্ত্রী সেই বিবাদ৪০ রুপি দিয়ে মীমাংসা করেন।
এই পুরো অভিজ্ঞতাকে “বাস্তবতার মুখোমুখি হওয়া” হিসেবে বর্ণনা করে পরিবহন মন্ত্রী জানান, গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান বাড়াতে বেঙ্গালুরুজুড়ে এই ধরনের আকস্মিক গোপন পরিদর্শন অব্যাহত থাকবে।